
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের পিটিয়ে মারার চেষ্টা থেকে সাপটিকে রক্ষা করেন বন্যপ্রাণীপ্রেমী রাসেল কবিরাজ। পরে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকালে গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে জালের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন সাপটিকে পিটিয়ে মারতে উদ্যত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেল কবিরাজ স্থানীয়দের শান্ত করেন এবং অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন।
রাসেল কবিরাজ বলেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদী পার হয়ে সাপটি লোকালয়ে চলে এসেছে। তিনি বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ। তাদের রক্ষা করা সবার দায়িত্ব।
উদ্ধারের পর অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তর করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, বন বিভাগের একটি দল অজগরটি নিজেদের হেফাজতে নিয়েছে। সাপটি সুস্থ রয়েছে এবং বিকেলের দিকে সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।