
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রয়োজনীয় পরিমাণ গাছ নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা নেই। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার স্বাভাবিক চক্র বদলে যাচ্ছে। বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে, আগের তুলনায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তারেক রহমান বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। কারণ পরিচর্যার অভাবে অনেক চারা নষ্ট হয়ে যায়। তাই লাগানো প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে।
তিনি আরও বলেন, নিজেদের দেশ আমাদের নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দেবে না।
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।
এর আগে সোমবার সকালে এক দিনের সফরে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।