
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঝালকাঠীর নলছিটি উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন বৃত্তি পেয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ১১ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে। উপজেলার অন্য যেকোনো বিদ্যালয়ের তুলনায় এটিই সর্বোচ্চ সাফল্য।
শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, শিক্ষকদের আন্তরিক পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে।
প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। তাদের সফলতাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে চাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার সেরা ফলাফল করেছে। এ অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই। আগামী দিনেও তারা এ সাফল্যের ধারা ধরে রাখবে বলে আশা করি।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশে ৬ লাখ ৪০ হাজারের বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশ নেয়।