সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি জব্দ, নৌকা ফেলে পালাল জেলেরা

হোম » খুলনা » সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি জব্দ, নৌকা ফেলে পালাল জেলেরা
রবিবার ● ১২ জুলাই ২০২৬


সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি জব্দ, নৌকা ফেলে পালাল জেলেরা

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা প্রায় ১৫০ কেজি চিংড়ি মাছ, একটি মাছ ধরার নৌকা, অবৈধ ভেসাল জাল এবং ভারতীয় কীটনাশক জব্দ করেছে বন বিভাগ। রবিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন জোড়শিং লঞ্চঘাটসংলগ্ন হারেস খালী নদীর তীরে যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

 

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে খুলনা রেঞ্জের স্মার্ট টিমের লিডার মো. শাহিনুর রহমান এবং বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার অংশ নেন।

 

বন বিভাগ জানায়, জব্দ করা চিংড়িগুলো বিষ প্রয়োগে মারা হয়েছিল। ঘটনাস্থল থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ ভেসাল জাল ও ভারতীয় কীটনাশকও উদ্ধার করা হয়েছে।

 

বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নেওয়া হচ্ছে। খবর পেয়ে যৌথ অভিযান চালানো হলে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। গভীর রাত হওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

 

রবিবার (১২ জুলাই) দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে পচনশীল হওয়ায় জব্দ করা চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩০ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ