আগামীকাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর দক্ষিণাঞ্চলের পরিবেশ

হোম » বরিশাল » আগামীকাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর দক্ষিণাঞ্চলের পরিবেশ
রবিবার ● ১২ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক, ভোলা-বরিশাল সেতু, বরিশালে ইপিজেড স্থাপন এবং পাইপলাইনে গ্যাস সরবরাহসহ দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্প নিয়ে সম্ভাব্য ঘোষণার প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষ।

 

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরকালে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

 

দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

সফর উপলক্ষে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

 

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল স্বাগত মিছিল, গণসংযোগ এবং প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলীয় কার্যালয়গুলোতেও প্রস্তুতি চলছে।

 

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল ও প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে।

 

কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো নিয়ে ইতিবাচক দিকনির্দেশনা আসবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩০ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ