সব সরকার হারিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » সব সরকার হারিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রবিবার ● ১২ জুলাই ২০২৬


সব সরকার হারিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, অন্য সরকারগুলো ক্ষমতা হারিয়ে চলে যায়, কিন্তু বিএনপির সরকার, জাতীয়তাবাদের সরকার ও জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না; বারবার ফিরে আসে।

শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সরকারের সময় জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নামে কিংবা আমার নামে কোনো ধরনের অপরাধ যেন এখানে না ঘটে।

তিনি আরও বলেন, দলের কোনো নেতা বা কর্মী অপরাধে জড়িত হলে তার সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে জনগণ যেন সরাসরি তাঁর কাছে আসেন। তিনি বলেন, প্রমাণ পেলে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১১:৩৬:৩০ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ