কলাপাড়ায় সিপিপির প্রয়াত স্বেচ্ছাসেবকদের মাগফিরাত কামনায় দোয়া

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সিপিপির প্রয়াত স্বেচ্ছাসেবকদের মাগফিরাত কামনায় দোয়া
শনিবার ● ১১ জুলাই ২০২৬


 কলাপাড়ায় সিপিপির প্রয়াত স্বেচ্ছাসেবকদের মাগফিরাত কামনায় দোয়া

 

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর প্রয়াত স্বেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক সিপিপি স্বেচ্ছাসেবক, কর্মকর্তা, পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সিপিপি কলাপাড়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত ইউনিট টিম লিডার মো. রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারসহ উপজেলার প্রয়াত সকল স্বেচ্ছাসেবকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিপির টিয়াখালী ইউনিয়ন টিম লিডার ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার, প্রশিক্ষক আবু তালেব ইভান মাতব্বর, ইউনিয়ন টিম লিডার আসাফউদ্দৌলা সোহেল, মহিউদ্দিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন, মনিবর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ।

এ সময় প্রয়াত রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারের পরিবারের সদস্য এবং সহকর্মীরা তাঁদের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলার প্রয়াত সকল সিপিপি স্বেচ্ছাসেবকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:০০:০১ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ