
সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা
চার বছর আগে গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের কাছে নিজের সম্মান ও হারানো সময় ফিরিয়ে দেওয়ার প্রশ্ন তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি লেখেন, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?
স্ট্যাটাসে তিনি র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান খাইরুল ইসলাম-কে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে, তৎকালীন র্যাব মহাপরিচালকের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।
পরীমনির ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ২৮ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবন ও ক্যারিয়ারে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।
তবে অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের ঘটনার শিকার না হন, সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে র্যাব পরীমনিকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
এদিকে, ২০২১ সালে নাসির উদ্দিন মাহমুদ-এর বিরুদ্ধে করা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলাও বিচারাধীন। একই ঘটনার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা পাল্টা মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে।