নেছারাবাদে ‘ওয়েলকাম এক্সপ্রেস’-এর যাত্রা শুরু, চালু হলো ঢাকাগামী বাস সার্ভিস

হোম » পিরোজপুর » নেছারাবাদে ‘ওয়েলকাম এক্সপ্রেস’-এর যাত্রা শুরু, চালু হলো ঢাকাগামী বাস সার্ভিস
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

নেছারাবাদে ‘ওয়েলকাম এক্সপ্রেস’-এর যাত্রা শুরু, চালু হলো ঢাকাগামী বাস সার্ভিস

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের জন্য নতুন বাস সার্ভিস ‘ওয়েলকাম এক্সপ্রেস লিমিটেড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ছারছীনা নতুন বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠানটির টিকিট কাউন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে এ সেবার কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কাউন্টার উদ্বোধন করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান বাদল এবং উপজেলা কৃষকদলের সভাপতি মো. সোহাগ হাওলাদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

এর আগে নতুন কাউন্টারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও থানা জামে মসজিদের ইমাম মাওলানা কারী মো. বেলায়েত হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. কামাল হোসেন বলেন, ‘ওয়েলকাম এক্সপ্রেস ঢাকাগামী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত সেবা প্রদান করবে বলে আশা করছি। চালক, সুপারভাইজার ও সংশ্লিষ্ট সবাই আন্তরিক আচরণের মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করবেন। পরিবহন কর্তৃপক্ষ সেবার মান সবসময় বজায় রাখবে, এটাই প্রত্যাশা।’

 

ওয়েলকাম এক্সপ্রেস লিমিটেডের কাউন্টার পরিচালক মো. মহিউদ্দিন জানান, প্রতিদিন সকাল ও বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বিরতিহীন বাস চলাচল করবে। যাত্রীরা অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

তিনি জানান, বাসটি স্বরূপকাঠি থেকে ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান, শাহবাগ, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি-২৭, ধানমন্ডি-৩২, আসাদগেট, কলেজগেট, শিশুমেলা, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০, মিরপুর-১৩, মিরপুর-১৪, কচুক্ষেত ও ক্যান্টনমেন্ট পর্যন্ত নির্ধারিত রুটে চলাচল করবে। একই রুটে ঢাকা থেকেও নেছারাবাদ (স্বরূপকাঠি) পর্যন্ত বাস চলাচল করবে।

 

স্থানীয় যাত্রীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই পরিবহন সেবা চালুর ফলে নেছারাবাদ থেকে ঢাকাগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও মানসম্মত হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:২২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ