তফসিলের আগেই কলাপাড়ায় নির্বাচনী প্রচারণা, প্রথম দফায় মহিপুর ইউপিতে হতে পারে ভোট

হোম » লিড নিউজ » তফসিলের আগেই কলাপাড়ায় নির্বাচনী প্রচারণা, প্রথম দফায় মহিপুর ইউপিতে হতে পারে ভোট
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

সরকারিভাবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও পটুয়াখালীর কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুই পৌরসভাজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সম্ভাব্য মেয়র, চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। মাঠে সক্রিয়দের মধ্যে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বেশি দেখা গেলেও জামায়াতে ইসলামী, এনসিপি এবং গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থীদের নামও আলোচনায় রয়েছে।

 

জানা গেছে, কলাপাড়ার ১২টি ইউনিয়নের মধ্যে লালুয়া ইউনিয়ন পরিষদের মেয়াদ সর্বপ্রথম, ২০২৩ সালের ৭ আগস্ট শেষ হয়। তবে পায়রা বন্দর ও শের-ই-বাংলা নৌঘাঁটির জন্য ভূমি অধিগ্রহণের কারণে কয়েকটি ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ না হওয়ায় এই ইউনিয়নে দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে, ২০২৫ সালের ১৫ নভেম্বর মেয়াদ শেষ হওয়া মহিপুর ইউনিয়নে প্রথম দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়নের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ১৩ ফেব্রুয়ারি। ধুলাসার ইউনিয়নের মেয়াদ শেষ হবে একই বছরের ২৫ জুলাই এবং লতাচাপলীর ২৬ জুলাই। ২০২৮ সালের ২১ জুন চম্পাপুর, ডালবুগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের মেয়াদ শেষ হবে। পরদিন ২২ জুন শেষ হবে মিঠাগঞ্জ ইউনিয়নের মেয়াদ।

 

বর্তমানে লতাচাপলী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এছাড়া নীলগঞ্জ, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, প্রশাসক নিয়োগ থাকা সত্ত্বেও এই তিন ইউনিয়ন নির্বাচন উপযোগী।

 

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরই নিশ্চিতভাবে বলা যাবে কোন কোন ইউনিয়নে নির্বাচন হবে। তবে মহিপুর ইউনিয়নে প্রথম দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

তফসিল ঘোষণার অপেক্ষায় না থেকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগে নেমেছেন। বিভিন্ন ইউনিয়নে বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভাতেও সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে তফসিল ঘোষণার আগেই পুরো উপজেলাজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:০০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ