
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রিড সাবস্টেশন থেকেই বরগুনা সদর উপজেলার পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দের পর সাবস্টেশনের ৬ নম্বর ফিডারে আগুন লাগে। আগুন প্রায় ১ থেকে ২ মিনিট স্থায়ী হলেও এতে বিভিন্ন ফিডার, বৈদ্যুতিক তারের সংযোগ এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে এসে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এছাড়া বেশ কিছু তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। আমাদের প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।’ ডিজিএম আরও জানান, রাতের (মঙ্গলবার) মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব না হলেও পরদিন সকালের মধ্যে কিছু এলাকায় সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’