
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মো. সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০ গ্রাম।
আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুমকি থানার মামলা নং-০১ (তারিখ: ৭ জুলাই ২০২৬)-এর তদন্তভার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার ওপর ন্যস্ত করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।