পল্লী উন্নয়ন দিবসে মোংলায় র‍্যালি ও আলোচনা সভা

হোম » খুলনা » পল্লী উন্নয়ন দিবসে মোংলায় র‍্যালি ও আলোচনা সভা
সোমবার ● ৬ জুলাই ২০২৬


পল্লী উন্নয়ন দিবসে মোংলায় র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মোংলার যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. নাবিদুল ইসলাম এবং মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু-এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করা হচ্ছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির দীর্ঘদিনের ভূমিকারও প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে সমবায়ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০১:৩৮ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ