তালতলীতে সরকারি রাস্তা কেটে ফসলি জমি, মানববন্ধনে ক্ষোভ

হোম » বরগুনা » তালতলীতে সরকারি রাস্তা কেটে ফসলি জমি, মানববন্ধনে ক্ষোভ
বুধবার ● ১ জুলাই ২০২৬


 

তালতলীতে সরকারি রাস্তা কেটে ফসলি জমির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে একটি সরকারি সড়কের প্রায় ৪০০ ফুট অংশ কেটে ফসলি জমির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. বাবুল দফাদারের বিরুদ্ধে। এতে দুই গ্রামের মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং সড়কটি দ্রুত পুনরুদ্ধার ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া-মৌরভী সড়কটি প্রায় দুই যুগ ধরে মৌরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোবাহানপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জনস্বার্থ বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সড়কটি সংস্কার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মো. বাবুল দফাদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে সড়কের প্রায় ৪০০ ফুট অংশ কেটে পাশের ফসলি জমির সঙ্গে একীভূত করে দেন। এতে দুই গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের স্কুল-মাদরাসায় যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা হুমায়রা বেগম, আসমা বেগম, মাওলানা এমাদুল হক ও মজিবর বলেন, সরকারি বরাদ্দে নির্মিত রাস্তা রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। আমরা দ্রুত সড়কটি পুনঃস্থাপন ও দায়ীদের শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. বাবুল দফাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট সড়কের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল। রাস্তা কাটার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩০ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ