কলাপাড়ায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু
বুধবার ● ১ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালে পালিত একটি বলি মহিষের আক্রমণে তোফাজ্জেল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তাদের গোয়ালে আটটি মহিষ আছে। এর মধ্যে একটি বলি মহিষও রয়েছে। মঙ্গলবার বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফেরার পথে মহিষটি তোফাজ্জেল মোল্লার ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম বলেন, ‘ভাসুর মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বলি মহিষটি তাকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় দ্রুত উদ্ধার করা যায়নি।’

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির বলেন, ‘নিজেদের গোয়ালে পালিত বলি মহিষের আক্রমণেই তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মহিষের শিংয়ের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘নিজের পালিত মহিষের আক্রমণে কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

বাংলাদেশ সময়: ১৪:৪০:৫৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ