
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন।
আলোচনা সভায় বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।