
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরিশালগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন আরোহী গুরুতর আহত হন।
নিহত ইসমাইল ঘরামী (২৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের সেলিম ঘরামীর ছেলে। আহতরা হলেন রাজিব ও তাপস। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ঘরামীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।’