বেতাগীতে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

হোম » বরগুনা » বেতাগীতে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
সোমবার ● ২৯ জুন ২০২৬


বেতাগীতে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণাসাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

বরগুনার বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

 

সভায় স্বাগত বক্তব্য দেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ। বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালিলুর রহমান খান নান্না এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নুরুল ইসলাম পান্না।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সভায় জুন ২০২৬ মাসের উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার আহ্বান জানান।

 

এ ছাড়া এলাকাবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। এ সময় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, ‘সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:২২:০৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ