
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে প্রায় ৫০ ফুট উঁচু একটি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুষলধারে বৃষ্টিতে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের বড় একটি তালগাছে হঠাৎ বজ্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। এ সময় তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয়রা জানান, বজ্রপাতের বিকট শব্দের পর তালগাছের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই গাছটির বেশিরভাগ অংশ আগুনে জ্বলতে থাকে। পরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে আগুন ধীরে ধীরে নিভে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত তীব্র। মুহূর্তের মধ্যে গাছে আগুন ধরে গেলে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবাই নিরাপদ দূরত্বে অবস্থান করে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ‘বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন।’
পরিবেশকর্মী মির্জা শহিদুল ইসলাম খালিদ বলেন, ‘এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় বড় গাছের নিচে ও খোলা মাঠে অবস্থান এড়িয়ে চলা উচিত।’