
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। এদিকে চলতি মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৪১৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৫ জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০ জন রোগীর মধ্যে ১২ জন পিরোজপুর জেলা হাসপাতালে, পাঁচজন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে জেলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯ জন রোগী।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ জেলায় ফিরে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বাসিন্দার সংখ্যাই বেশি।
রোগী ও স্বজনরা ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিট চালু এবং জেলা হাসপাতালের নতুন ভবন দ্রুত চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।