সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে তীব্র গরমের মধ্যে অসহনীয় লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং উজ্জ্বল রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানও কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়ছে।
তারা আরও বলেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিলের অভিযোগ দীর্ঘদিনের। এসব কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধন থেকে অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ঝালকাঠিতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ অফিসের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত বিল আদায় বন্ধ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।