চাকরি মেলায় নিয়োগের সুযোগ, পিরোজপুরে প্রাণ-আরএফএলের কর্মী বাছাই

হোম » পিরোজপুর » চাকরি মেলায় নিয়োগের সুযোগ, পিরোজপুরে প্রাণ-আরএফএলের কর্মী বাছাই
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

চাকরি মেলায় নিয়োগের সুযোগ, পিরোজপুরে প্রাণ-আরএফএলের কর্মী বাছাই

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন গ্রহণ ও সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।

 

শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ চাকরি মেলার আয়োজন করা হয়।

 

মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

 

আয়োজকরা জানান, চাকরি মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে আকর্ষণীয় বেতনে প্রায় ৫০০ জনবল নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।

 

মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও ড্রাইভার পদে প্রার্থী বাছাই এবং নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

 

আয়োজকদের ভাষ্য, এ ধরনের চাকরি মেলা জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানবসম্পদকে জাতীয় পর্যায়ের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ