কলাপাড়ায় পাউবোর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

হোম » লিড নিউজ » কলাপাড়ায় পাউবোর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


 

কলাপাড়ায় পাউবোর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন বেড়িবাঁধ সড়ক পুনর্নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্ধারিত পরিমাণ মাটি ব্যবহার না করা এবং যথাযথ তদারকির অভাবে নিম্নমানের কাজ করা হচ্ছে।

 

জানা গেছে, ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের সড়ক পুনর্নির্মাণ প্রকল্পটির কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের দাবির পর এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হলেও কাজ শুরুর পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে।

 

স্থানীয়দের দাবি, প্রকল্পে যে পরিমাণ মাটি ব্যবহারের কথা ছিল, বাস্তবে তার তুলনায় অনেক কম মাটি দেওয়া হয়েছে। ফলে সড়কের স্থায়িত্ব ও মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ পরিচালনা করছে।

 

এলাকার একাধিক বাসিন্দা জানান, রাস্তা নির্মাণের জন্য সরকারি জায়গায় পর্যাপ্ত মাটি না থাকায় অনেকেই নিজেদের জমি থেকে মাটি দিয়েছেন। কোথাও কোথাও চলাচলের পথ কেটে মাটি নেওয়ায় সেসব পথ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কয়েকটি বসতবাড়ি ও দোকান অপসারণের পরও সড়কের কাজ মানসম্মতভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হবে।

 

তিনি আরও বলেন, যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুর বিল পরিশোধ করা হবে। কাজ সম্পূর্ণ ও সন্তোষজনকভাবে শেষ না হলে চূড়ান্ত বিল প্রদান করা হবে না।

বাংলাদেশ সময়: ২০:২০:০৭ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ