উন্নয়ন কাজে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ, দুমকির ইউপি সচিবের বিরুদ্ধে সমালোচনা

হোম » লিড নিউজ » উন্নয়ন কাজে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ, দুমকির ইউপি সচিবের বিরুদ্ধে সমালোচনা
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


 

উন্নয়ন কাজে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ, দুমকির ইউপি সচিবের বিরুদ্ধে সমালোচনা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উপজেলা প্রশাসনের জন্যও ৫ শতাংশ কমিশনের কথা বলতে শোনা যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

বৃহস্পতিবার পাওয়া ওই ভিডিওতে সচিবকে বলতে শোনা যায়, সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ ১৭ শতাংশ, জামানত ৫ শতাংশ, তার জন্য ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ অর্থ সংরক্ষণ রাখতে হবে।

 

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার বলেন, প্রায় সাড়ে ৬ লাখ টাকার উন্নয়নকাজ নিয়ে পরিষদের এক সভায় আলোচনা চলাকালে সচিব আমিনুল ইসলাম ১০ শতাংশ কমিশন এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ অর্থ দাবি করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, এর আগে কখনো এ ধরনের কমিশন নেওয়ার ঘটনা ঘটেনি।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

 

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের কমিশন নেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:১০:১৮ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ