
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী টায়ার ও প্লাস্টিক পাইরোলাইসিস কারখানা ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ সাত দিনের মধ্যে বন্ধের দাবিতে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
গত ২৫ জুন বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. হাসানুল বান্না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট ১০ কর্মকর্তার কাছে ‘নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস’ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩-এর শর্ত লঙ্ঘন করে ঘনবসতিপূর্ণ এলাকায় এবং সুগন্ধা নদীর তীরে কারখানাটি পরিচালিত হচ্ছে। সেখানে অনুমোদনের অতিরিক্ত রিঅ্যাক্টর ব্যবহার, বিষাক্ত ব্ল্যাক কার্বন নিঃসরণ, রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগও তুলে ধরা হয়েছে।
এর আগে কারখানার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, কারখানার দূষণের কারণে এলাকায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নোটিশে সাত দিনের মধ্যে কারখানাটির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে বর্তমান স্থান থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়েরও আহ্বান জানানো হয়।
অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে বেলার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।