গলাচিপায় ৬ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, প্রযুক্তি মেলার উদ্বোধন

হোম » পটুয়াখালী » গলাচিপায় ৬ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, প্রযুক্তি মেলার উদ্বোধন
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


গলাচিপায় ৬ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, প্রযুক্তি মেলার উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬।

 

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন এবং জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম।

 

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

 

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ৩০০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩৬৫ জন কৃষককে ৫টি করে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ