
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের ছকিনাখাল থেকে বালুবাহী জাহাজের নিচে আটকে থাকা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। নিহত মুসা (১৭) উপজেলার নিদ্রারচর গ্রামের চান মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে মুসা ইদুপাড়া গ্রামের শিশু জালাল উদ্দিন রুমি (৬)-এর সঙ্গে ছকিনাখালে গোসল করতে যায়। কিছুক্ষণ পর রুমি বাড়িতে ফিরে এলেও মুসা আর ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে রুমি জানায়, গোসলের সময় মুসা পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে উঠতে পারেনি। তার ধারণা ছিল, মুসা হয়তো অন্য দিক দিয়ে বাড়িতে চলে গেছে।
পরে রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ছকিনা কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় জেলে ফারুক, জামাল ও বেল্লালসহ কয়েকজন খালে জাল ফেলেন। একপর্যায়ে রাত ১০টা ৪৫ মিনিটে ‘এমভি ইসলাম মোল্লা’ নামের একটি বালুবাহী জাহাজের নিচ থেকে মুসার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, পানির স্রোতে ভেসে গিয়ে মুসা জাহাজের নিচে আটকে পড়তে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র সাগরকন্যাকে জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।