দ্বিতীয় বিয়ের জেরে স্বামী ও সতীনকে কুপিয়ে জখম; প্রথম স্ত্রী গ্রেফতার

হোম » পটুয়াখালী » দ্বিতীয় বিয়ের জেরে স্বামী ও সতীনকে কুপিয়ে জখম; প্রথম স্ত্রী গ্রেফতার
সোমবার ● ২২ জুন ২০২৬


দ্বিতীয় বিয়ের জেরে স্বামী ও সতীনকে কুপিয়ে জখম; প্রথম স্ত্রী গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় বিয়ের জেরে স্বামী ও তার সতীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রথম স্ত্রী খাদিজা বেগম (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান সরদার (২৪) গত ১৭ মে বরগুনার তালতলী উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা মোসা. মীম (১৯)-কে বিয়ে করে সংসার শুরু করেন। দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পেরে তার প্রথম স্ত্রী পুরান মহিপুর এলাকার বাসিন্দা খাদিজা বেগম ক্ষুব্ধ হন।

অভিযোগ রয়েছে, গত রবিবার (২১ জুন) রাত ১১টার দিকে খাদিজা বেগম পূর্ব আলীপুরে হাসান সরদারের বসতঘরে সিঁধ কেটে গোপনে প্রবেশ করেন। এরপর ঘুমন্ত অবস্থায় হাসান সরদার ও তার দ্বিতীয় স্ত্রী মীমকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত খাদিজা বেগমকে গ্রেফতার করে।

এ ঘটনায় আহত হাসান সরদারের মা নুরজাহান বেগম বাদী হয়ে মহিপুর থানায় পুত্রবধূ খাদিজা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মহিপুর থানার ওসি শামীম আহমেদ ঘটনা সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৫ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ