দুর্ভোগে এলাকাবাসী কুয়াকাটার আলীপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

হোম » কুয়াকাটা » দুর্ভোগে এলাকাবাসী কুয়াকাটার আলীপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
বুধবার ● ১৭ জুন ২০২৬


আলীপুরে ৬০০ ফুট সড়ক নির্মাণে অসঙ্গতির অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার আলীপুরে এলজিইডির তত্ত্বাবধানে অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীপুর সোহেলা সিনেমা হল সড়কে প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। সড়কের শুরু থেকে প্রায় ১০০ ফুট অংশ ইতোমধ্যে পাকা করা হয়েছে। তবে বাকি অংশ ধারাবাহিকভাবে নির্মাণ না করে মাঝখান থেকে পুনরায় পাকা করার কাজ শুরু করায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

এলাকাবাসীর অভিযোগ, সাধারণ নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ এক প্রান্ত থেকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। এতে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এ ধরনের কাজকে অনিয়ম বা দুর্নীতির ইঙ্গিত হিসেবে দেখছেন।

তাদের দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তির বাড়ির সামনে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে রাস্তার বাকি অংশ দীর্ঘদিন ধরে অপরিকল্পিত অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অসম্পূর্ণ অংশে পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে সড়ক নির্মাণকাজের ঠিকাদার আসাদুজ্জামান অপু বলেন, ‘স্কিম যেভাবে হাতে পেয়েছি, সেভাবেই কাজ শুরু করেছি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সম্পৃক্ততা রয়েছে। আমি এসে সরাসরি কথা বলবো।’

 

সংশ্লিষ্ট লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সায়েম খানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সঠিক পরিকল্পনা অনুযায়ী পুরো সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৫২ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ