
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
নাচনমহল ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্তকরণ ও স্থানীয় জনমত যাচাইয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় নাচনমহল বাজার এলাকায় আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খোকন এবং সাংগঠনিক সম্পাদক মো. আলামীন হোসেন রানা।
সভায় বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আ. আজিজ খলিফা। তিনি গত তিন মাসে ইউনিয়নে পরিচালিত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভায় বক্তা ও উপস্থিতদের বড় একটি অংশ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. আজিজ খলিফাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার মত প্রকাশ করেন। তবে শুরুতে তিনি প্রার্থী হওয়ার বিষয়ে অনাগ্রহ দেখালেও পরে জনসমর্থনের প্রেক্ষিতে দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সভা শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষ নাচনমহল ইউনিয়নের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসই/এমআর