
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) চরফ্যাশন এতিমখানায় আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের দুধ পান করানো, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়ন ও নির্দেশনায় স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্মসূচিটি বাস্তবায়ন করে। ‘আসুন দুগ্ধজাত পণ্যের শক্তি উদযাপন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশ্ব দুগ্ধ দিবস পালনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাজন আলী। সভাপতিত্ব করেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।
এ সময় চরফ্যাশন এতিমখানার পরিচালক সিরাজুল ইসলাম, এফডিএ-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সরাসরি দুধ পান করতে আগ্রহী না হলেও দুধ থেকে তৈরি বিভিন্ন খাদ্য গ্রহণ করে থাকে। তাই দুধের পাশাপাশি দই, ছানা, মাঠা, পনির, আইসক্রিম ও সন্দেশের মতো দুগ্ধজাত খাবার গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন। এসব খাদ্য শরীরের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মাঠা পান করানো হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে একটি গজল পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফডিএ-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন চন্দ্র শীল।