
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এ সেবার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র শীল।
গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।