মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সাগরে যাচ্ছেন জেলেরা

হোম » জেলে-মৎস্য » মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সাগরে যাচ্ছেন জেলেরা
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সাগরে যাচ্ছেন জেলেরা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সাগরে জাল ফেলতে প্রস্তুত পটুয়াখালীর উপকূলীয় এলাকার নিবন্ধিত প্রায় অর্ধলক্ষ সামুদ্রিক জেলে। দীর্ঘ বিরতির পর কাঙ্ক্ষিত মাছের আশায় তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন।

 

সরেজমিনে দেখা গেছে, জাল মেরামত, ট্রলার রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অনেকেই ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করে সাগর মোহনায় অবস্থান নিয়েছেন।

 

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে কিছু অসাধু জেলের অবৈধভাবে মাছ শিকার এবং ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক জেলে। তারা আগামীতে নিষেধাজ্ঞাকালে প্রশাসনের টহল আরও জোরদার এবং অবৈধ ট্রলিং ট্রলারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, ‘দীর্ঘ ৫৮ দিন পর জেলেরা আবার সাগরে মাছ ধরতে নামবেন। আমরা আশাবাদী, এবার চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাবে।’

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সমুদ্রে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হবে। সরকারি নির্দেশনা মেনে জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এর সুফল তারা অবশ্যই পাবেন এবং আশানুরূপ মাছ ধরতে সক্ষম হবেন বলে আশা করছি।’

বাংলাদেশ সময়: ১২:৫২:২৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ