
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জানা গেছে, অপারেশন ‘ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি সুইচগেটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেনকে (৩৬) আটক করা হয়। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।