কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » পিরোজপুর » কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
শনিবার ● ৬ জুন ২০২৬


 

কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে বাশুরী গ্রামের একটি জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ জুন) দুপুরে কাউখালী উপজেলার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুজিবুর রহমান সাখায়েত।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের পর উভয় পক্ষ বিষয়টি সমাধানের জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন কাগজপত্র পর্যালোচনার পর সালিশ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সালিশ প্রক্রিয়া এবং এস. এম. আহসান কবীরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও প্রচারণা চালান বলে অভিযোগ করা হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, আলমগীর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। পাশাপাশি পরিবারের নারী সদস্যদের নিয়েও অশালীন মন্তব্য করেছেন বলেও দাবি করা হয়।

 

লিখিত বক্তব্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ উত্থাপন করা হয় এবং বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. আহসান কবীরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, মাহামুদুল ইসলাম ও হাফিজা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৪২ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ