মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত, টাকা লুটের অভিযোগ

হোম » পটুয়াখালী » মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত, টাকা লুটের অভিযোগ
শনিবার ● ৬ জুন ২০২৬


 

মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত, টাকা লুটের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর মহিপুরে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার পর দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে বাড়ির পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

 

শুক্রবার রাত ৯টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

 

স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহত ব্যবসায়ীর স্ত্রী তহমিনা বেগম অভিযোগ করেন, তার স্বামী গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ববিরোধের জেরে ইয়াসিন গাজী, তার বাবা আমির গাজী এবং ভাই ইব্রাহিম গাজী হামলা চালান। এ সময় তার স্বামীর কাছে থাকা টাকাও নিয়ে যাওয়া হয়।

 

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক বলেন, বুকে ধারালো অস্ত্রের আঘাতে ফুসফুস পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের বাহুতেও গভীর কোপের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা গুরুতর।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৪ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ