হাসপাতালে ভর্তি দুই শিশু পিরোজপুরে ছেলে-মেয়েকে বিষ মিশ্রিত শরবত খাওয়ানোর অভিযোগ

হোম » পিরোজপুর » হাসপাতালে ভর্তি দুই শিশু পিরোজপুরে ছেলে-মেয়েকে বিষ মিশ্রিত শরবত খাওয়ানোর অভিযোগ
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


 

পিরোজপুরে ছেলে-মেয়েকে বিষ মিশ্রিত শরবত খাওয়ানোর অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় দুই শিশুকে বিষ মিশ্রিত শরবত খাওয়ানোর অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশু দুজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান বলে অভিযোগ।

 

ভুক্তভোগী ইয়াসিন (১৪) জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি আনার পর তিনি শরবত তৈরি করে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত পান করার কিছু সময় পর তারা অসুস্থ হয়ে পড়ে।

 

অপরদিকে তার বোন ছামিয়া (৭) জানায়, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং পরে সে অসুস্থ হয়ে পড়ে। তার দাবি, শরবতের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল।

 

প্রতিবেশী মো. কামরুল ইসলাম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির উঠানে দুই শিশুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

শিশু দুটির নানা আব্দুল করিম অভিযোগ করে বলেন, তার নাতি-নাতনিকে তাদের বাবা বিষ মিশ্রিত শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সিরাজুল শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে শরবতে বিষ মেশানোর অভিযোগটি এখনও তদন্তাধীন এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ