মাজারের দিঘিতে কুমিরের থাবায় শিশুকন্যা নিখোঁজ; ফায়ার সার্ভিসের তল্লাশি

হোম » লিড নিউজ » মাজারের দিঘিতে কুমিরের থাবায় শিশুকন্যা নিখোঁজ; ফায়ার সার্ভিসের তল্লাশি
সোমবার ● ১ জুন ২০২৬


 

মাজারের দিঘিতে কুমিরের থাবায় শিশুকন্যা নিখোঁজ; ফায়ার সার্ভিসের তল্লাশি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের খানজাহান আলী মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের থাবায় ফাতেমা (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত  ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

 

ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বয়স আনুমানিক সাত বছর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধোয়া বা গোসল করতে নামলে হঠাৎ দিঘিতে থাকা কুমির তাকে টেনে নিয়ে যায়।

 

তিনি আরও জানান, ঘটনার সময় শিশুটির সঙ্গে তার মা ছিলেন। তবে মা মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন মহিলা ঘাটে মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে ফাতেমা গোসল করতে নামলে কুমিরটি তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার চেষ্টা চালান।

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুল ইসলাম।

 

এর আগে চলতি বছরের ৮ এপ্রিল একই দিঘির ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ