৭ দিনের ঈদ ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হোম » খুলনা » ৭ দিনের ঈদ ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
সোমবার ● ১ জুন ২০২৬


 

৭ দিনের ঈদ ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

সাত দিনের ঈদের ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (১ জুন) সকাল থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। এতে বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

 

ঈদের ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

 

সোমবার সকাল থেকে বন্দর এলাকায় প্রায় তিন হাজার শ্রমিক পণ্য লোড-আনলোড কাজে যোগ দেন। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে যে পণ্যজট সৃষ্টি হয়েছিল, বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় তা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

 

বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন জানান, বাণিজ্য চালু হওয়ায় বন্দরের স্বাভাবিক গতি ফিরেছে। দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

 

বন্দরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে বাণিজ্য শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভারত থেকে ২৮ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ১১ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

 

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই বন্দর এলাকায় ছুটির পর বাণিজ্যিক কার্যক্রম পুনরায় সচল হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। ছুটি শেষে এখন পূর্ণমাত্রায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:১১ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ