গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্যে অনিয়মে জরিমানা

হোম » বরিশাল » গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্যে অনিয়মে জরিমানা
রবিবার ● ৩১ মে ২০২৬


গৌরনদীতে ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য অনিয়মে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন এবং খাদ্য অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে গৌরনদী হাইওয়ে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানকালে সড়কে অতিরিক্ত গতিতে যান চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে একটি রেস্টুরেন্টে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বিভিন্ন পরিবহন কাউন্টারকে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে, গৌরনদী হাইওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনায় গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশ সহযোগিতা করে। হাইওয়ে পুলিশ স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতি নির্ণয়ে সহায়তা দেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৩ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ