বরগুনায় বস্ত্রবিহীন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

হোম » বরগুনা » বরগুনায় বস্ত্রবিহীন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


 

বরগুনায় বস্ত্রবিহীন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে জেলা জজ আদালত চত্বর, সিভিল সার্জন কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন খোলা মাঠ এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীরা প্রথমে বিষয়টি দেখতে পান এবং পরে সংবাদকর্মীদের জানান। এ সময় ঘটনাস্থলে অনলাইন মাধ্যমে লাইভ সম্প্রচারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘোরাফেরা করতেন। তার মাথার চুল কাটা ছিল এবং মাঝেমধ্যে তাকে বস্ত্রহীন অবস্থায় চলাফেরা করতে দেখা গেছে। উদ্ধার হওয়া মরদেহটির সঙ্গে ওই নারীর চেহারা ও গঠনের মিল রয়েছে বলে স্থানীয়দের ধারণা, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিষয়টি সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। তারা তদন্তের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগে মৃত্যুবরণ করা হয়েছে এবং এতে পচন ধরেছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত হলে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় শনাক্ত করা না গেলে সরকারি ব্যবস্থাপনায় অজ্ঞাত হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ