সুন্দরবনে দস্যু দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার

হোম » খুলনা » সুন্দরবনে দস্যু দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

সুন্দরবনে দস্যু দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

সুন্দরবনের কুখ্যাত দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর জিম্মিদশা থেকে ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‌্যাব। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় পৃথক দুটি অভিযানে বৃহস্পতিবার এই সফলতা অর্জিত হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর।

 

কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল ৫টায় অভিযান চালালে দস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকা থেকে ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

অন্যদিকে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরের কিছু জেলে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করলে দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকা থেকে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। পরে আন্দারমানিকের টোটা ও কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জন জেলেকে উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে দস্যু দমনে চলমান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর ধারাবাহিক সফলতায় সপ্তমবারের মতো এ ধরনের অভিযান পরিচালনা করা হলো।

 

তিনি আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এবং দস্যুদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪১:৫৮ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ