নেছারাবাদে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ

হোম » পিরোজপুর » নেছারাবাদে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ
বুধবার ● ২০ মে ২০২৬


 

---

সাগরকন্যা প্রতিবেদক,নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে রাতের আঁধারে এক কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, উপজেলার জগন্নাথকাঠি বন্দরের চিড়ার মিল সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন ‘নুরুল্লা এন্ড ব্রাদার্স’ নামের দোকানঘরটি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। গত ১৫ মে গভীর রাতে অভিযুক্ত মো. চাঁন মিয়া কয়েকজন লোক নিয়ে দোকানঘরে হামলা চালিয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে দখল নেন বলে অভিযোগ করেন তিনি।

 

সহিদুল ইসলামের দাবি, এ সময় দোকানঘরের ভেতরে থাকা মালামালও সরিয়ে নেওয়া হয় এবং এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

 

তিনি আরও অভিযোগ করেন, পূর্বের জমি সংক্রান্ত একটি বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার দোকানঘরটি দখল করা হয়েছে। এ বিষয়ে বাজার কমিটি ও নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

অন্যদিকে অভিযুক্ত চাঁন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জমিটি ক্রয় করেছেন এবং সেটি বর্তমানে আদালতে বিচারাধীন। তার ভাষায়, ‘আমি বৈধভাবে জমি কিনেছি, তাই দখলে নিয়েছি। বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’

 

এ বিষয়ে জগন্নাথকাঠি বাজার কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৪ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ