বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সাড়াদান ব্যবস্থাপনা মহড়া

হোম » বরগুনা » বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সাড়াদান ব্যবস্থাপনা মহড়া
বুধবার ● ২০ মে ২০২৬


বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সাড়াদান ব্যবস্থাপনা মহড়া

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি জোরদারে বরগুনায় কমিউনিটি-ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চর খাজুরতলা আবাসন মাঠে এ মহড়ার আয়োজন করে জাগোনারীর এসিটি-২ প্রকল্প। এতে সহযোগিতা করে অক্সফ্যাম বাংলাদেশ।

 

মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, উদ্ধার কার্যক্রম পরিচালনা, আশ্রয়কেন্দ্রে নিরাপদ স্থানান্তর, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

লোক বেতারের স্টেশন মাস্টার মনির হোসেন কামালের সঞ্চালনায় এবং গৌরিচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

 

এ সময় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রেড ক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হায়দার নিলু, সিপিপির উপ-পরিচালক মিসপাউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার স্টেশন মাস্টার ইমদাদ হোসেন, সমাজসেবক মো. শাওন মোল্লা এবং জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়া মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

 

স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সিপিপি, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত মহড়াটি সফল ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ