গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

হোম » বরিশাল » গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।

 

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আজকের শিশুরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ সম্পদ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

অন্যান্য বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন নির্ভর করে শিশুদের সঠিক শিক্ষা ও মানসিক বিকাশের ওপর। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সাংস্কৃতিক চেতনা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৩ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ