
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল ফকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে এ উদ্যোগ গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে।
প্রশাসন জানায়, জামাল ফকিরের দেওয়া তথ্যে এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়েছে।
সভায় ইউএনও মো. ইব্রাহিম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।