
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পিতা ওসমান মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মামলা সুত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ১৩ বছরের মেয়েকে নিয়ে তার মা আমতলী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, প্রায় ১৮ বছর আগে ওসমান মোল্লার সাথে তার বিয়ে হয়। ওই সংসারে তাদের দুইটি সন্তান রয়েছে। ১৩ বছর বয়সী মেয়ে ও ৮ বছর বয়সী একটি ছেলে। গত ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা কিশোরী মেয়েকে পিতা ওসমান মোল্লা ঘুম থেকে জাগিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর মা বিষয়টি প্রত্যক্ষ করে বাঁধা দিলে তাকে মারধর করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং আসামিকে পাওয়া মাত্র আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় গ্রামবাসী।
সবশেষ মঙ্গলবার (১২ মে) দুপুরে ওসমান মোল্লা বাড়ি ফিরলে প্রতিবেশিদের সহায়তায় স্ত্রী আটক করে পুলিশে খবর দেয়।
একইদিন বিকেলে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে ওসমানকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কিশোরীর ভাষ্য, ‘আমার জন্মদাতা পিতা হয়ে আমার সাথে যে জঘন্য কাজ করেছে, আমি এর বিচার চাই।’ মা বলেন, বাবা হয়ে যা করেছেন, তা মেনে নেয়া যায় না। এ ঘটনায় কঠোর শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আসামী কিশোরির বাবাকে গ্রেফতার করা হয়।