বরগুনার লোকালয়ে হরিণ, উদ্ধার শেষে তদন্ত কমিটি

হোম » বরগুনা » বরগুনার লোকালয়ে হরিণ, উদ্ধার শেষে তদন্ত কমিটি
সোমবার ● ১১ মে ২০২৬


 

বরগুনার লোকালয়ে হরিণ প্রবেশ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে লোকালয়ে একটি হরিণ প্রবেশের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১১ মে) সকালের দিকে গাব্বারিয়া গ্রামের একটি বাড়িতে হরিণটি আশ্রয় নেয়। পরে বনবিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটির কারণ অনুসন্ধানে বনবিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে হঠাৎ করে হরিণটি চলে আসে। প্রথমে ফসলের মাঠে কাজ করার সময় আসাদুল নামের এক যুবক হরিণটিকে দেখতে পান। এরপর কয়েকটি কুকুর ধাওয়া করলে প্রাণীটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে এবং সেখান থেকে বের হয়ে পুকুরপাড়ে আশ্রয় নেয়।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বিষয়টি দ্রুত বনবিভাগ ও স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনের নিকটবর্তী এলাকা হওয়ায় হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, এটি শিকারি বা চোরাকারবারিদের হাত থেকে পালিয়ে আসার ঘটনাও হতে পারে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন মৃধা বলেন, এভাবে হরিণ সাধারণত গ্রামে দেখা যায় না। সবাই মিলে প্রাণীটিকে নিরাপদে বনবিভাগের কাছে হস্তান্তর করতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।

জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী জানান, খবর পেয়ে বনবিভাগের দল ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করে। বর্তমানে হরিণটি অসুস্থ থাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে সেটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, হরিণটি কীভাবে লোকালয়ে এলো- এটি স্বাভাবিক বিচ্যুতি নাকি চোরাকারবারের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৮ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ