
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের স্বর্ণ চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৪৯ বিজিবি ব্যাটালিয়নর একটি বিশেষ টহল দল যশোর- নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির হেডরেস্টে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩ কেজি ৪৮ গ্রাম।
অভিযানে আটক করা হয় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০), ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে- ঢাকার উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিরা হলেন- রনি (শার্শা), আব্দুল গনি (চৌগাছা) ও ইসরাইল হোসেন (যশোর)। তাদের বাড়ি যশোর ও আশপাশের এলাকায়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ টাকা, গাড়ির মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য সামগ্রীসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
আটকদের যশোর কোতোয়ালি মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।