
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠি শহরে আমির হোসেন আমু- এর পোড়া বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শহরের রোনালসে সড়কে অবস্থিত পরিত্যক্ত ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসভবনের প্রধান ফটক টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে ভাঙচুর চালান। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংগঠনটির ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে ওই বাসভবনে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনী ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ টাকা ও কিছু ডলার উদ্ধার করে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং স্থানীয়রা সেখানে ময়লা-আবর্জনা ফেলতেন বলে জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, গত সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার উদ্দেশ্যে প্রধান ফটকে টিনের বেড়া লাগিয়ে দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুধবার দুপুরে নেতাকর্মীরা গিয়ে টিনের বেড়া সরিয়ে আবারও ভাঙচুর চালান।
আল তৌফিক লিখন বলেন, ভবনটি অতীত রাজনৈতিক বাস্তবতার একটি প্রতীক হিসেবে রাখা হয়েছে এবং এটি সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ প্রতিহত করা হবে।
ঝালকাঠি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, ভবনটি অতীতের রাজনৈতিক ঘটনার স্মারক হিসেবে থাকবে। এখানে কোনো ধরনের সংস্কার কার্যক্রম মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা জানান।